খুলনা প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় পণ্য ও খাদ্য উৎপাদন এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে খুলনা বিভাগের তিন জেলায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার খুলনা, যশোর ও মাগুরায় অধিদপ্তরের চারটি টিম পৃথক তদারকি অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করে।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর থানার বিআইডিসি রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স এসকেআর ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে মহানগরীর সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার শিববাড়ি, শরীফ আমজাদ সড়ক ও সেন্ট্রাল নর্থ ব্লক বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফিজা ড্রিংকিং ওয়াটারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স শাহানারা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার পালবাড়ি মোড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাবিবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ২ হাজার টাকা এবং ভাই বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মা ট্রেডার্সকে ধার্যকৃত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তর জানায়, চারটি অভিযানে মোট ৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।