☰

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, পাঁচ দিন পর ফিশিং বোট সহ ৮ জেলেকে উদ্ধার

খুলনা প্রতিনিধি : গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।
২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।