☰

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ডেঙ্গুর ভয়াবহ দাপট, ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু

খুলনা প্রতিনিধি : খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গুর দাপট। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মারা গেছেন পাঁচজন। এর মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে চারজন এবং খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা জেলা ও খুমেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২২৬ জন। বিভাগজুড়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭৬ জন।

এক দিনে পাঁচজনের মৃত্যু ও বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৫৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হওয়ায় জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৩৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৪৬ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ১৬৪ জনকে।

খুমেক হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন ৭২ জন। চলতি বছরে এ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় খুমেকে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৮৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫৪ জন।

শুধু খুলনা জেলা ও খুমেক হাসপাতালে এক দিনে ২২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যা বিভাগে ওই সময়ের মোট নতুন ভর্তির ৮২ শতাংশের বেশি। ফলে ডেঙ্গুর বর্তমান চাপের বড় অংশই পড়ছে খুলনার হাসপাতালগুলোতে।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৮১৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ২৯৯ জনকে।

গত ২৪ ঘণ্টায় খুলনার পর নড়াইলে ১২, বাগেরহাটে ১১, সাতক্ষীরায় ১০, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭, কুষ্টিয়া ও মেহেরপুরে চারজন করে এবং চুয়াডাঙ্গায় দুজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।