শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। এতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে রাজবাড়ী রোড এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সরব উপস্থিতি তৈরি হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
এ সময় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ, আনোয়ার হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না এবং জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে রাজবাড়ী রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হন। পরে তারা মূল বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।