রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ শাবান, ১৪৪৭ হিজরি

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

তিনি আরো জানান, কমিশনের পাঁচটি বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশেষজ্ঞদের পরামর্শ বিশ্লেষণ করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণে সুপারিশ প্রস্তুত করা হচ্ছে।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের অভিমত পর্যালোচনার ভিত্তিতে খুব শিগগিরই বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেয়া হবে।

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো: এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো: আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।