মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

সাবেক মেয়র আতিক ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মো. সাইফুজ্জামান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র ক্রয়ে সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, তাদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে কানাডা, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান জরুরি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।