শনিবার, ১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ সফর, ১৪৪৮ হিজরি

আশাবাদী মন্ত্রিপরিষদ সচিব : বর্তমান প্রশাসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব

নিজস্ব প্রতিবেদক : বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি জানিয়েছেন, কোথাও বিচ্যুতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তফসিলের আগে নিয়োগ পাওয়া ডিসিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমি তো এখনো আশাবাদী, করা যাবে, ইনশাআল্লাহ্।”

তিনি আরও বলেন, “অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তৈরি হয় অবস্থায় পড়লে। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন—এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।”

মাঠ প্রশাসনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেবো। ঢালাওভাবে তো কিছু নয়। আমরা সাধারণভাবে মনে করছি তারা প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায় অবশ্যই সেটা তাৎক্ষণিকভাবে বিবেচনা করবো।”