শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ৪মিনিটে ঘটা এই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। -সূত্র : এএফপি

ইউরোপের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রাজধানী আকিয়াব বা সিতওয়ে থেকে ৭০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ইএমএসসির বিবৃতিতে বলা হয়েছে, গত ৭১ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হলো মিয়ানমারে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমারে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের মার্চ মাসে। ৭ দশমিক ৭ মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে নিহত হয়েছিলেন ৩ হাজার ৫ শতাধিক মানুষ, আহত হয়েছিলেন আরও কয়েক হাজার।

সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার ভবন, বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইং।