ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে আঠারো মাসের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা পত্র-পত্রিকা-সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে দেখছি, একটি দল নারীদের হেয় করে নানা বাজে কথা বলছে। আপনারাই বলুন, যারা দেশের অর্ধেক মানুষ আমাদের মা-বোনকে সম্মান করতে জানে না তারা কীভাবে দেশ চালাবে?
তিনি বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।
মির্জা ফখরুল ভোটারদের সতর্ক করে বলেন, জামায়াত ইসলামী ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। মা-বোনদের ভুল বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাবে! এটা কোনও মুসলমান বিশ্বাস করে না। মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারে না। চরমোনাই পীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোনও ইসলামি দল নয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষক যেন ন্যায্যমূল্যে সার, বীজ, তেল ও কৃষি পণ্য ক্রয় করতে পারে।
১০ হাজার টাকা পর্যন্ত কৃষকের ঋণ মউকুফ করে দেওয়া হবে, নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নিবে সরকার বলে, নানা প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।