চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার-শাস্তি হবে, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা বাংলাদেশে সেই বিচার কায়েম করতে চাই। এ বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সবার জন্য সমান। আমরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্র পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া—সব জায়গায় আজ মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার।
তিনি বলেন, কেন এই গণজোয়ার। মানুষ বিগত ৫৪ বছর শাসন আর অপশাসন তা দেখেছে, দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমরা সর্বক্ষেত্রে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।
জামায়াত আমির বলেন, জামায়াত রাষ্ট্রের দায়িত্বে গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলা হবে।
সভায় জামায়াত আমির ড. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের দলীয় তিন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করতে সকলকে আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সভা শেষে তিনি হেলিকপ্টারযোগে রাজশাহীর গোদাগাড়ির উদ্দেশে রওনা দেন।