সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাবান, ১৪৪৭ হিজরি

আমি এই মাটিরই সন্তান, ইসিবিতে দাঁড়িয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নির্বাচনি প্রচারণা শেষ করে রাজধানী ঢাকায় ধানের শীষে ভোট চাইছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্ত্বর থেকে শুরু করেছেন পথসভা৷

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসিবি চত্বরে ঢাকা ক্যান্টমেন্ট থানা বিএনপি আয়োজিত এই নির্বাচনি সভায় তারেক রহমান আগামী দিনের ঢাকা নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, আমি এই মাটিরই সন্তান। আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা। তাই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে আমার নাড়ির টান। আমরা এমন এক ঢাকা গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিক বুক ভরে শ্বাস নিতে পারবে এবং নিরাপদে বসবাস করবে।

বক্তব্যে তিনি বিশেষ গুরুত্ব দেন আগামী প্রজন্মের সুস্থ বিকাশের ওপর। তিনি ঘোষণা করেন, ঢাকা শহরসহ সারা দেশে অন্তত ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে, যাতে আমাদের শিশুরা স্মার্টফোনের আসক্তি ছেড়ে মাঠে ফেরার সুযোগ পায়। পাশাপাশি যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি।

আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এই রূপরেখা বাস্তবায়নের সুযোগ দিতে তিনি মুরুব্বিসহ সকল স্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারে আজ রোববার থেকে ঢাকায় পথসভা শুরু করছেন বিএনপির চেয়ারম্যান। ইসিবি চত্বরের পথসভা শেষে এখন ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে পথসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান।

এরপর ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।