মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১ শাবান, ১৪৪৭ হিজরি

হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাইয়ের ২০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহের দায়ে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী জিমি লাইকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের তিন বিচারকের রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৭৮ বছর বয়সি এই ধনকুবের।

জিমি লাই হংকংয়ের গণতন্ত্রপন্থি হিসেবে পরিচিত অ্যাপল ডেইলির মালিক। সম্প্রতি পত্রিকাটির প্রকাশনা বাতিল করে চীনা কর্তৃপক্ষ।

বিচার চলাকালে লাই এরইমধ্যে পাঁচ বছরের বেশি কারাগারে কাটিয়েছেন। গত ১৫ ডিসেম্বর হংকংয়ের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সব অভিযোগে আদালত লাইকে দোষী সাব্যস্ত করেন।

লাইয়ের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্র করার আলাদা একটি অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও লাই এসব অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাবাসে আছেন লাই।

সাজা ঘোষণার আগে পশ্চিমা সরকার এবং মানবাধিকার গোষ্ঠীগুলো লাইয়ের মুক্তির আহ্বান জানিয়েছিল। অনেকে তার বিরুদ্ধে থাকা মামলাকে নাটক বলেও মন্তব্য করেছিলেন।

লাই ছাড়াও অ্যাপল ডেইলির ছয়জন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজনকে সোমবার সাজা দেওয়ার কথা রয়েছে।

জিমি লাই একজন ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, গত মাসে বেইজিং সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে লাইয়ের বিষয়টি উত্থাপন করেছেন। আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ ছিল বলেও তিনি দাবি করেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও লাইয়ের মুক্তির আহ্বান জানিয়েছিলেন।