বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাবান, ১৪৪৭ হিজরি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের আর এক দিনও বাকি নেই। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন অবশ্য একটা নতুন ইতিহাসের দুয়ারে এনে দাঁড়িয়েছে বাংলাদেশকে। সংস্কারের জন্য গণভোটও হবে এদিনই।

এই গণভোট ও নির্বাচনের ঠিক এক দিন আগে শায়খ আহমাদুল্লাহ হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়িয়েছেন। আজ বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি। তার কথা, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে।’

তিনি দাবি জানিয়েছেন, সংস্কার যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখেই কার্যকর করা হয়। তিনি বলেন, ‘একইসাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়-হোক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’

আগামীকাল দেশের ২৯৯টি আসনে এক যোগে সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভোটের কার্যক্রম। এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন। সাদা ব্যালট ও গোলাপি ব্যালট। তার মধ্যে সাদা ব্যালট পেপারটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। গোলাপি ব্যালট পেপারটিতে গণভোট হবে। সেখানেই হ্যাঁ বা না ভোট দেবেন ভোটাররা।