বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের টাকার ব্যাগ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও শনাক্ত হয়েছিল। তবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের অনাপত্তি পাওয়ার পরই তিনি ওই অর্থ নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার বহন করা ব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, অসুস্থবোধ করায় বেলাল উদ্দিনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকা থেকে যাত্রা করা এক যাত্রীর ব্যাগে থাকা টাকা সৈয়দপুরে ধরা পড়লেও, শাহজালাল বিমানবন্দরে কেন তা আটকানো হয়নি—এমন প্রশ্ন ওঠে। এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, ঢাকাতেও স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে নগদ অর্থ থাকার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হলে তারা এতে অনাপত্তি দেয়। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই।

এদিকে, ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, “আমার পকেটে টাকা আছে—আমাকে ধরতে যাবে কেন? অদ্ভুত প্রশ্ন করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিকল্পিতভাবে জামায়াতের নেতৃবৃন্দকে বিব্রত করতে এ কাজ করা হচ্ছে।”

বেলাল উদ্দিন প্রধানের মুক্তি দাবি করে তিনি আরও বলেন, অবিলম্বে তার সুচিকিৎসা নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা উচিত।