শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাবান, ১৪৪৭ হিজরি

ছয় জেলা থেকে এনসিপির ৬ শীর্ষ নেতা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। দেশের ছয়টি জেলা থেকে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত এনসিপি থেকে তারা নির্বাচিত হয়েছেন। এই ছয়জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির নির্বাচিত নেতাদের মধ্যে রয়েছেন- ঢাকা-১১ আসন থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর-৪ আসন থেকে দলের সদস্য সচিব আখতার হোসাইন। কুমিল্লা-৪ আসন থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ। কুড়িগ্রাম-২ থেকে যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এবং নারায়নগঞ্জ-৪ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে ফলাফলে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো. নাহিদ ইসলাম। তিনি শাপলা কলি প্রতীকে তিনি ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনে বেসরকারিভাবে ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হজার ৯৪৪ ভোট।

কুমিল্লা-৪ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ আসনে তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলি প্রার্থী ও এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ। তিনি ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়েছেন।

নারায়ণগঞ্জে-৪ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।