রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬ শাবান, ১৪৪৭ হিজরি

কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : দলের ঘোষিত ৩১ দফা ও ‘নোট অব ডিসেন্ট’সহ ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সংস্কার ও প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন, আমার বক্তব্য স্পষ্ট—যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।

শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন-পরবর্তী সময়ে কোথাও বিশৃঙ্খলা বা প্রতিহিংসার রাজনীতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন বিএনপির চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের; আজ থেকে আমরা সবাই স্বাধীন।”

তিনি আরও বলেন, মত ও পথ ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা”—উল্লেখ করে তিনি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর জোর দেন।

তারেক রহমান বলেন, জনমনে সৃষ্ট সংশয় কাটিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

তার ভাষায়, জনগণের প্রত্যাশিত এ নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।