বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯ শাবান, ১৪৪৭ হিজরি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ কার্যক্রম শুরু হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় একে একে সদস্যরা শপথ নিলেন এবং শপথনামায় সই করেন।

এবারের সংসদে প্রথমবারের মতো শপথ নিয়েছেন ২০৯ জন নতুন মুখ, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরপরই শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করে সংসদ সচিবালয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাদের শরিক দল জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।