আন্তর্জাতিক ডেস্ক : মিউনিখে অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে ‘ইরানবিরোধী তৎপরতার’ অভিযোগ তুলে মঙ্গলবার জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
শনিবার মিউনিখে অনুষ্ঠিত ওই বিক্ষোভে পুলিশের হিসাব অনুযায়ী প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেন। সেখানে বক্তব্য দেন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহর ছেলে ও বর্তমান ইরানি কর্তৃপক্ষের সমালোচক রেজা পাহলভি। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ‘জার্মানিতে ইরানবিরোধী তৎপরতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে এ দেশের কর্মকর্তাদের ধ্বংসাত্মক অবস্থানের প্রেক্ষিতে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আক্সেল ডিটম্যান-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার কাছে ইরানের তীব্র প্রতিবাদ ব্যক্ত করা হয়।’
খবরে আরও বলা হয়, জার্মান রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি ইরানের তীব্র প্রতিবাদ ও গভীর অসন্তোষ বার্লিনে পৌঁছে দেবেন।
সম্প্রতি জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদ থেকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ শুরু হয়। গত মাসের ওই বিক্ষোভের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেন, ‘আমার বিশ্বাস, আমরা এখন এই শাসনের শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি।’
ইরানি কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে তা বিদেশি প্ররোচনায় দাঙ্গায় রূপ নেয়। তারা এ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।
তেহরান স্বীকার করেছে, ওই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ পথচারীসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তারা সহিংসতার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডকে দায়ী করেছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস একটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বিক্ষোভকারী।