নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ সচল থাকবে বলে জানানো হয়েছে। তবে নিয়মিত কার্যক্রম আর চলবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
নতুন পোস্টে বলা হয়, ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজটি যথারীতি থাকবে এবং এর সব কনটেন্ট সবসময়ই অ্যাকসেসিবল থাকবে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কার্যক্রম শেষ হওয়ায় নিয়মিত আপডেট আর দেওয়া হবে না।
এর আগে একটি পোস্ট থেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। সেখানে বলা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাসের সময়কালে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়। সমর্থন, সহযোগিতা ও সমালোচনা এই যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে দুপুরে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ নেন। এরপর ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ ‘Chief Adviser GOB (Head of the Government)’ খোলা হয় ১৪ আগস্ট ২০২৪ সালে। বর্তমানে এই পেজে প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে।