শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দিয়েছে সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।