নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, কুমিল্লার চৌদ্দগ্রামের নির্বাচিত এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. তাহের। ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
আজ (বুধবার) ব্যক্তিগত সফরে তিনি সিঙ্গাপুর পৌঁছেছেন। সেখানে তিনি নিয়মিত শারীরিক পরীক্ষার পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি চৌদ্দগ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।