শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২ রমজান, ১৪৪৭ হিজরি

‘রহমান ডাকাত’ চরিত্রটি নিয়ে নাগার্জুনের আক্ষেপ

বিনোদন ডেস্ক : বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে আলোচনার শেষ নেই। আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করে খান-কাপুরদের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ছবির অন্যতম আলোচিত চরিত্র ‘রহমান ডাকাত’—যাতে অভিনয় করেছেন অক্ষয় খান্না। গুঞ্জন রটেছিল, এই চরিত্রটির প্রস্তাব প্রথমে গিয়েছিল দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের কাছে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নাগার্জুন।

‘রহমান ডাকাত’ চরিত্রটি ফিরিয়ে দেওয়ার খবরকে ‘ভুল’ দাবি করে এক বিবৃতিতে নাগার্জুন বলেন, “একেবারই ভুল কথা। এমন কোনও অফার আমার কাছে আসেনি। তবে ভাবলে মনে হয় ইস! যদি সত্যিই আসত!”

‘ধুরন্ধর’ সিনেমার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “‘ধুরন্ধর’ অসাধারণ ছবি! আদিত্য ধর সত্যিই অনবদ্য কাজ করেছেন। এর আগে ওঁর বানানো ‘উরি’ও আমার দারুণ লেগেছিল। আর অক্ষয় খান্না তো অসাধারণ… ছবির সিক্যুয়েলের দিকে তাকিয়ে রয়েছি।”

নাগার্জুন অস্বীকার করলেও নেটিজেনদের একাংশের ধারণা, রজনীকান্তের ‘কুলি’ সিনেমার ব্যস্ততার কারণেই হয়তো তিনি চরিত্রটি ফিরিয়ে দিয়েছিলেন। তবে এখন ছবির বিশাল সাফল্য দেখে হয়তো আক্ষেপ করছেন বা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

বর্তমানে নিজের ক্যারিয়ারের ১০০তম ছবি নিয়ে ব্যস্ত নাগার্জুন। তিনি জানান, ‘ধুরন্ধর’ দেখার পর তিনি বুঝতে পেরেছেন দর্শক এখন আন্তর্জাতিক মানের গল্প চান। তাই তাড়াহুড়ো না করে বিশেষ পরিকল্পনায় এগোচ্ছেন। প্রসঙ্গত, নাগার্জুনকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান শিবা’ ছবিতে।