শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩ রমজান, ১৪৪৭ হিজরি

গ্রে’স অ্যানাটমি খ্যাত অভিনেতা এরিক ডেন আর নেই

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’- তে প্লাস্টিক সার্জনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা এরিক ডেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছর এরিক ডেন জানিয়েছিলেন, তিনি ‘অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস’ বা এএলএস রোগে আক্রান্ত হয়েছেন। এটি একটি বিরল স্নায়বিক রোগ, যা ‘লু গেরিগস ডিজিজ’ নামেও পরিচিত।

সিবিএস নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এরিক ডেনের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, এএলএস-এর সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর বৃহস্পতিবার বিকেলে এরিক ডেন পরলোকগমন করেছেন।’

সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া এই অভিনেতা ১৯৯১ সালে ‘সেভড বাই দ্য বেল’ সিরিজের মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রাখেন। তবে ২০০৬ সালে ‘গ্রে’স অ্যানাটমি’ সিরিজে সুদর্শন সার্জন ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

২০২১ সাল পর্যন্ত এই সিরিজের ১৩৯টি পর্বে তিনি অভিনয় করেছেন। এছাড়া এইচবিও-র জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’-তেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।