রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ রমজান, ১৪৪৭ হিজরি

জেল থেকে মুক্তির পর মিমির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা আয়োজকের

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার পাশাপাশি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন মিমি চক্রবর্তী। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের মূল আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে গত মাসে গ্রেপ্তার হয়ে ১৪ দিন জেলহাজতে থাকতে হয় তনয়কে। মুক্তির পরপরই তিনি মিমির বিরুদ্ধে সরব হন।

শুক্রবার বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তনয় শাস্ত্রী জানান, মিমি চক্রবর্তীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। অন্যায়ের বিচার চেয়ে তিনি বনগাঁ থানায় অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

তনয়ের দাবি, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কাজ সম্পূর্ণ না হওয়ায় তিনি সেই অর্থ ফেরত চান। পাশাপাশি সামাজিক সম্মানহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ রুপি দাবি করে আগেই একটি মানহানির মামলা করেছেন।

আয়োজকের বক্তব্য অনুযায়ী, ওই দিন মিমিকে কোনোভাবে অপমান করা হয়নি। বরং তিনি নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে আসায় তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তির পর সংবাদমাধ্যমকে তনয় বলেন, “আমি এর শেষ দেখে ছাড়ব।”

এই বিষয়ে এখনো পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।