বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

পাল্টাপাল্টি স্থগিতের পর আবার সচল ঢাকা–দিল্লি ভিসা কার্যক্রম

কূটনৈতিক প্রতিবেদক : সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে স্থগিত হওয়া ভিসা কার্যক্রম আবারও চালু করেছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সেদিন সকাল থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল।

বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখেছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা চালু হয়। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম শুরু করবে।

গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে অবনতি হলে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত করে। হাদির মৃত্যুর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ হয় এবং কমিশনে ঢিল ছোড়া হয়। এর পরদিনই চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।

তবে নির্বাচন-পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অগ্রগতি দেখা যায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগে ১৩ ফেব্রুয়ারি সকালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরবর্তীতে পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি কাজে সমর্থনের আশ্বাস দেন।

অন্যদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় ঢাকা। তবে ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন।

এর মধ্যে গত বৃহস্পতিবার সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।