রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ রমজান, ১৪৪৭ হিজরি

“সুপার এইট শুরু পাকিস্তান–নিউজিল্যান্ডে, কলম্বোতে বৃষ্টির শঙ্কা”

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড। দুটি দলই গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ জিতেছে। তবে বড় লক্ষ্যের পথে তাদের চ্যালেঞ্জ এবার আরও কঠিন। ফলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে শেষ আটে জায়গা পাওয়া দলগুলোর জন্য। এমন ম্যাচে নামার আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা। শ্রীলঙ্কার আবহাওয়া সবসময়ই অনিশ্চিত। এদিনও আকাশে মেঘের ঘনঘটা এবং বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি টসের সময় বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটগুলো। পরবর্তী সময়ে বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তবে কোনো সুপার ওভার হবে না। সুপার এইটের সব ম্যাচের জন্যই নিয়ম একই— প্রত্যেক দল ন্যূনতম ৫ ওভার খেলতে না পারলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং উভয় দল একটি করে পয়েন্ট ভাগাভাগি করবে। এই ভাগাভাগি পয়েন্ট সেমিফাইনালে ওঠার সমীকরণে প্রভাব ফেলতে পারে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ৯০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে।

প্রেমাদাসা স্টেডিয়াম বরাবরই স্পিন-বান্ধব। সাম্প্রতিক ম্যাচগুলোতেও স্পিনারদের দাপট দেখা গেছে। পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলেরই স্পিন বিভাগে বিকল্প রয়েছে, তবে ছন্দে থাকা পাক স্পিনাররা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারে। ভারত ম্যাচেও স্পিনারদের প্রভাব স্পষ্ট ছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য মন্থর উইকেট বাড়তি দুশ্চিন্তার কারণ হতে পারে। বিশেষত তারা প্রথম রাউন্ডের চার ম্যাচই খেলেছে ভারতে— চেন্নাই ও আহমেদাবাদের উইকেটে। প্রেমাদাসার ধীরগতির উইকেটে মানিয়ে নিতে ব্যাটারদের সময় লাগতে পারে।

টি-টোয়েন্টিতে এ নিয়ে ৫০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বৈরথে কিছুটা এগিয়ে আছে পাকিস্তান। তাদের জয় ২৪টি, বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ২৩ ম্যাচে। বাকি দুই ম্যাচে কোনো ফলাফল আসেনি।