শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস পরে মাদারীপুরের শিবচর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আতিকুর রহমান মাদবরের নেতৃত্বে এই পতাকা উত্তোলন করা হয়।
শুক্রবার ভোরে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আতিকুর রহমান মাদবর নেতা-কর্মী নিয়ে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে আসেন।
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রবেশ করেন। একপর্যায়ে তারা কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করে দ্রুত সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে মো. আতিকুর রহমান মাদবরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই।