মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ জিলহজ, ১৪৪৭ হিজরি

“শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে”

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “মহান ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আমাদের গৌরব ও আত্মপরিচয়ের ভিত্তি। তাঁদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নাশুখালী সোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

এদিকে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “পৃথিবীর ইতিহাসে আমরা এক গর্বিত জাতি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে জীবনদানের অনন্য দৃষ্টান্ত বিশ্বে বিরল। একুশের চেতনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়ন ও অগ্রগতির ধারায় আরও এগিয়ে নেওয়া হবে।”

নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মমর্যাদা রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়, যা পরে মহান স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করে। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় যে ত্যাগ স্বীকার করা হয়েছিল, তা বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হিসেবে চির অম্লান হয়ে থাকবে।