রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ রমজান, ১৪৪৭ হিজরি

ইফতারের পর মাথাব্যথা? জানুন প্রতিকার

ফিচার ডেস্ক : ইফতারের পর মাথাব্যথা অনেকের কাছেই পরিচিত সমস্যা। সারা দিন রোজা রাখার পর এটি অস্বস্তিকর হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানীরা একে বলেন ফাস্টিং হেডেক বা উপবাসজনিত মাথাব্যথা। সাধারণত দীর্ঘ সময় না খেয়ে থাকা, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া, পানিশূন্যতা কিংবা ক্যাফেইন না পাওয়া এর কারণ হতে পারে। যদিও এটি সাধারণ সমস্যা, সঠিক তথ্য জানা থাকলে নিয়ন্ত্রণ করা সম্ভব।

মাথাব্যথার লক্ষণ

  • সাধারণত ৮ ঘণ্টা বা তার বেশি সময় না খেয়ে থাকলে শুরু হয়।
  • ব্যথা মৃদু থেকে মাঝারি ধরনের হয় এবং মূলত কপালে অনুভূত হয়।
  • মাইগ্রেনের মতো দপদপ করে না, তবে মাইগ্রেন রোগীদের ক্ষেত্রে রোজা ব্যথা বাড়িয়ে দিতে পারে।
  • খাবার গ্রহণের পর সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে সেরে যায়।
  • যাঁদের মাথাব্যথার ইতিহাস আছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

সম্ভাব্য কারণ

  • রক্তে শর্করার স্বল্পতা: শর্করার মাত্রা কমে গেলে মস্তিষ্কের ব্যথানুবর্তী রিসেপ্টর উত্তেজিত হতে পারে।
  • ক্যাফেইন উইথড্রয়াল: নিয়মিত চা বা কফি পানকারীরা দীর্ঘ সময় ক্যাফেইন না পেলে মাথাব্যথায় ভুগতে পারেন।
  • পানিশূন্যতা ও মানসিক চাপ: ডিহাইড্রেশন ও স্ট্রেসও মাথাব্যথার কারণ হতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

মাথাব্যথার সঙ্গে যদি দেখা দেয়—

  • ঘাড় শক্ত হয়ে যাওয়া,
  • তীব্র বমি ও বিভ্রান্তি,
  • কথা জড়িয়ে যাওয়া,
  • উচ্চ জ্বর (১০০.৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি),
  • শরীরের কোনো অংশ অবশ হওয়া বা দৃষ্টিশক্তি হারানো— তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

প্রতিকারের উপায়

  • পানি পান: ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন।
  • ক্যাফেইন নিয়ন্ত্রণ: রোজার আগে ধীরে ধীরে চা-কফির পরিমাণ কমান।
  • সুষম খাবার: সেহরিতে এমন খাবার খান যা দীর্ঘ সময় শর্করার মাত্রা বজায় রাখে।
  • বিশ্রাম: পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন।
  • খাবার বাদ না দেওয়া: সেহরি বাদ দিলে মাথাব্যথার ঝুঁকি বাড়ে।
  • মাইগ্রেন রোগীদের জন্য: রোজার আগে প্রতিরোধমূলক ওষুধ ব্যবহারের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: ভেরি ওয়েল হেলথ, হেলথ লাইন