নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই।”
রোববার (২২ ফেব্রুয়ারি) দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন পর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আমি সময় নিয়ে কথা বলি। আজকে সবেমাত্র মন্ত্রণালয়ে আসলাম। সবকিছু রিভিউ করি তারপরে কথা বলি। আমরা কাজে বিশ্বাসী।”
পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি কথা কম বলি কাজ বেশি করি। কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানি তারপর কথা বলি। আপনাদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চাই। অন-টাইম আপনারা সব কিছু জানতে পারবেন। আমি প্রেস ফ্রেন্ডলি, তবে আগে রিভিউ করি তারপর কথা বলি।”
সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন দপ্তরে কেমন চাপ আছে তা আগে রিভিউ করি, তারপর সিদ্ধান্ত নেব। আমি প্রেস ফ্রেন্ডলি ম্যান, সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন।”
পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবেরা ফুল দিয়ে শুভেচ্ছা জানালে মন্ত্রী বলেন, “ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে, আর নয়—এখন কাজে মনোযোগী হতে হবে।”
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।