সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ রমজান, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে উপস্থাপন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিবেশন শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন ১৫ দিন আগে করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।”

তিনি আরও বলেন, “আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু হতে পারে। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ প্রদান করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।”

এরই মধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার কাজ শুরু করেছে। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন হয়নি।