বিশেষ প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেলেও একবারও তাঁর কাছে আসেননি। গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সফরের ফলাফল জানাবেন এবং লিখিতভাবে অবহিত করবেন। কী আলোচনা হলো, কোনো চুক্তি হলো কি না—এসব জানানো তাঁর দায়িত্ব। কিন্তু ড. ইউনূস এতবার বিদেশ সফরে গিয়েও একবারও রাষ্ট্রপতির কাছে আসেননি কিংবা কোনো তথ্য দেননি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা হওয়ার প্রক্রিয়ার উৎস ছিলেন তিনি নিজেই। তাঁর উদ্যোগেই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সমন্বয় করেননি। রাষ্ট্রপতির ভাষায়, “এটি বোঝানোর কোনো উপায় নেই। কারণ তিনি একবারও আমার কাছে আসেননি। আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করেছেন।”
রাষ্ট্রপতি বলেন, ড. ইউনূস তাঁর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি। তবে রাষ্ট্রপতিও তাঁর কাছে কোনো সাহায্য চাননি। তিনি বলেন, “আমার মনোভাব ছিল—যা হচ্ছে হতে থাকুক, দেখা যাক কতদূর গড়ায়।”
সূত্র : কালের কণ্ঠ