বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ রমজান, ১৪৪৭ হিজরি

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি : মঈন খান

নিজস্ব প্রতিনিধি: বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সব সময় বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি।

তিনি অভিযোগ করেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের ওপর একদলীয় শাসন ও প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে দেশ আজ মুক্ত।

মঈন খান বলেন, বিএনপি সব সময় আইনের শাসনে বিশ্বাসী। তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার কথা বলেন মঈন খান।