নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের কন্যা জান্নাতুল এলমি সূচনা আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে সূচনা লেখেন, একথা সবাই জানে, যে যত সত্যের পক্ষে শক্ত থেকেছে, বিগত সরকার তাকে তত মামলা-হয়রানি করে দমিয়ে রাখতে চেয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক মামলা যে ছয়ফুট সাহসের নামে, তিনি হাবীব-উন-নবী খান সোহেল। মামলা সংখ্যা দেখলে বোঝাই যায় আপোষের ছায়া ঘেঁষেও হাঁটেনি কোনোদিন বাবা।
এত লম্বা বড়সড় মানুষটা কিভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে পলাতক থেকে, কারাগারের বদ্ধ ফাঁসির সেলে রাত পার করে মধ্যবয়সের সিংহভাগ শেষ করেছে, সে কথা উপরওয়ালা জানেন। ১৭ বছরে ১৭দিন শান্তিপূর্ণভাবে পাইনি তাকে। ছোটবোন একাই মায়ের স্নেহে বড় হয়েছে। মা আঁচলে চোখ মুছে প্রতি সকালে অফিসে যেতেন, আমাদের সাহস দিতেন, লুকাতেন নিজের কষ্ট।
সত্যি বলতে, যিনি রাজনীতির জন্য ত্যাগ করেন, কিছুটা ভাগীদার তার পরিবারও হয়। আমরা আমাদের প্রত্যেকটা চোখের পানির গল্প, শেকড়ের ইতিহাস.. ভুলবোনা কোনোদিন। আমি বিশ্বাস করি, বাবাকে ভালোবেসে যারা তার জন্য দোআ করেন, তারা সবাই অন্তরের গভীরে এক একজন লৌহমানব!
মামলা-হামলা-নির্যাতনের শিকার জাতীয়তাবাদের সকল যোদ্ধার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ কাজ করে। মহান আল্লাহ আপনাদের রহম ও হেফাজত করুন।