রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ রমজান, ১৪৪৭ হিজরি

পুরান ঢাকায় এসি বিষ্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ মো. সেলিম (৩৩) নামে একজন মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মো. মোক্তার বেপারী শরীরের ২২ শতাংশ দগ্ধ ও সেলিনা আক্তার ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

স্থানীয়রা জানান, ওই বাসায় একাধিক এসির গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নারিন্দা এলাকার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ওই বাসা থেকে বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। তাছাড়া দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান তারা।