নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই বিল আকারে সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
তিনি আরও বলেন, চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে।
মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “আমাদের দেশে মামলার জট একটি প্রকট সমস্যা। সেই সমস্যা নিরসনে যা যা প্রয়োজন, তা করা হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে যতটা তৎপর ছিলাম, আইনমন্ত্রীর দায়িত্বে তার থেকেও বেশি তৎপরতা দেখতে পাবেন।”
এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।