রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ রমজান, ১৪৪৭ হিজরি

বিজয়-রাশমিকার বিয়েতে স্বর্ণের গহনার জৌলুস

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের আলোচিত নতুন দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সেই বিয়েতে পোশাকের চেয়ে বেশি আলোচনায় আসে তাঁদের পরিহিত স্বর্ণের গহনা। ঠিক কত পরিমাণ গহনা ব্যবহার করা হয়েছে, তা নিয়ে নেটিজেনদের কৌতূহল এখনো অব্যাহত।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হায়দরাবাদের বিখ্যাত একটি জুয়েলার্স থেকে তৈরি করা হয় তাঁদের গহনা। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী সাজে রাশমিকা মান্দানা পরেছিলেন বিশেষ ‘কাসু মালা’, যা গলা থেকে উদর পর্যন্ত বিস্তৃত। হারের প্রধান লকেটে ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি এবং অন্যান্য অংশে কল্কার নকশা।

এছাড়া রাশমিকার মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা, কোমরে কোমরবন্ধ, হাতে বাহারি চুড়ি এবং ‘হাতপদ্ম’ ছিল। সব মিলিয়ে তাঁর শরীরে প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের স্বর্ণের অলঙ্কার শোভা পেয়েছে।

অন্যদিকে বর বিজয় দেবেরাকোন্ডাও গহনার সাজে পিছিয়ে ছিলেন না। সাদা সিল্কের ধুতি ও লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের গহনা। তাঁর কবজির গহনা অনেকটা ‘বাহুবলী’ সিনেমার আদলে তৈরি করা হয়েছিল, যা সবার নজর কেড়েছে।

দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি অলঙ্কারে ছিল বিশেষ মন্দির ও বিগ্রহের কারুকাজ। বর্তমানে স্বর্ণের উচ্চমূল্যের বাজারে এই বিপুল পরিমাণ গহনার ব্যবহার নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।