রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ রমজান, ১৪৪৭ হিজরি

“যশোরে স্বাস্থ্য খাতে সিসিইউ ও ডায়ালাইসিস উদ্যোগ”

যশোর প্রতিনিধি : যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভার শুরুতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময়কালে তিনি যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালু, যশোর মেডিকেল কলেজ হাসপাতালকে দ্রুত কার্যকর করা এবং জরুরি কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তাঁর পক্ষ থেকে দেওয়া হবে।

চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “যশোরের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।” সভায় তিনি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এ এইচ এম আহসান হাবিব, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসেন শাফায়েত, জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার নেতা ডা. আবু আহসান লালটু এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদেক রাসেল। এছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।