রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা-নানি ও খালার কবর জিয়ারত করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।

মন্ত্রী আজ শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্বশুর-শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার, মাতা মরহুমা তৈয়বা মজুমদার এবং বোন (প্রধানমন্ত্রীর খালা) মরহুমা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন।

এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, পবিত্র রমজান মাসে প্রধানমন্ত্রীর নানা-নানি ও খালার কবর জিয়ারত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 

তিনি বলেন, যাদের কবর জিয়ারত করলাম, তারা এই এলাকার সম্মানিত ব্যক্তি ছিলেন। মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন, এ দোয়া করি। পরে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।