সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ রমজান, ১৪৪৭ হিজরি

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলা, খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইল শনিবার ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাত শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন।

আজ রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভয়াবহ এই সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:

খামেনির মৃত্যু ও ট্রাম্পের বক্তব্য

আজ রোববার ভোরে খামেনির মৃত্যুর খবর প্রচারের সময় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন তাদের আর্কাইভ ফুটেজের সঙ্গে শোকের প্রতীক হিসেবে কালো ব্যানার প্রদর্শন করে। তার মেয়ে, জামাতা ও নাতনির মৃত্যুর খবরও জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।

এর কয়েক ঘণ্টা আগে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন।’

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ভারী বোমা বর্ষণ বিরতিহীনভাবে চলতে থাকবে। মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ বলেন, এই অভিযান তাদের জন্য একটি বার্তা যারা মার্কিনিদের ক্ষতি করতে চায়। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা তোমাদের খুঁজে বের করব এবং নির্মূল করব।’

এদিকে, ইরানের প্রয়াত শাহর পুত্র রেজা পাহলভি খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র এখন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হচ্ছে।

হামলার ভয়াবহতা

শনিবার দিনের শুরুতে তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরাইল একে ‘প্রতিরোধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করে। এর পরপরই ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। 

ইসরাইলি সেনাবাহিনী জানায়, তেহরানে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকস্থল এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ২০০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তাদের হামলায় ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হয়েছেন এবং আগামী দিনে আরও হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে। 

এদিকে ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মিনাব এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১০৮ জন মারা গেছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা এর জন্য ইসরাইলকে দায়ী করেছেন। তবে এএফপি এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

ইরানের পাল্টা আঘাত ও ক্ষয়ক্ষতি

জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরাইলে প্রথম দফার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শেষে বাহরাইনে মোতায়েন মার্কিন পঞ্চম নৌবহর এবং পারস্য উপসাগরের অন্যান্য মার্কিন ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে। 

ইসরাইলি জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তেল আবিব এলাকায় এক নারী নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক ও হরমুজ প্রণালী বন্ধ

গোটা উপসাগরীয় অঞ্চলজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক পাকিস্তানি নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ভূখণ্ডে ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন ছোঁড়া হয়েছে। এছাড়া, দুবাইয়ের কৃত্রিম দ্বীপ ‘দ্য পাম’ থেকেও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

সৌদি আরবের রিয়াদ, বাহরাইনের মানামা এবং কাতারের দোহাতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

কাতার জানিয়েছে, তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আক্রমণ রুখে দিয়েছে। ইরাকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে।

বিশ্ব প্রতিক্রিয়া ও বিমান চলাচল বন্ধ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানি দূত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার মাধ্যমে ‘যুদ্ধাপরাধ’ করার অভিযোগ তোলেন। 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এই সামরিক পদক্ষেপ এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা কারও নিয়ন্ত্রণে থাকবে না। 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন একে অত্যন্ত ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।

অন্যদিকে রাশিয়া এই হামলাকে ‘বিপজ্জনক দুঃসাহস’ বলে নিন্দা জানিয়েছে। 

লেবাননের হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। 

নিরাপত্তার কারণে ইরান, ইরাক, কুয়েত, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল তাদের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। রাশিয়াও ইরান ও ইসরাইলে তাদের সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে।