আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে রোববার বিকট বিস্ফোরণ ও টানা গুলির শব্দ শোনা গেছে। তালেবান সরকার জানিয়েছে, কাবুলের আকাশসীমায় অনুপ্রবেশ করা পাকিস্তানি যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী কামান থেকে গুলিবর্ষণ করেছে আফগান বাহিনী।
গত বৃহস্পতিবার সীমান্ত বরাবর আফগানিস্তানের আক্রমণ শুরুর পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। পাকিস্তানি বাহিনী সীমান্তে পাল্টা হামলা চালানোর পাশাপাশি আকাশপথেও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কাবুলের আকাশে পাকিস্তানি বিমান লক্ষ্য করে গোলা ছোড়া হচ্ছে। এর আগে পাকিস্তান কাবুল ও কান্দাহারসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বোমা বর্ষণের কথা স্বীকার করেছিল।
বেসামরিক নাগরিকদের মৃত্যু
আফগান কর্তৃপক্ষ অভিযোগ করেছে, পাকিস্তানের একাধিক হামলায় অনেক সাধারণ মানুষ নিহত হয়েছেন। কান্দাহারে নির্মাণাধীন প্রকল্পে বিমান হামলায় তিন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগান কর্মকর্তাদের মতে, গত বৃহস্পতিবার থেকে খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। পাকিস্তান দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তু ছিল সশস্ত্র বিদ্রোহীরা।
পাল্টাপাল্টি দাবি ও যুদ্ধ পরিস্থিতি
জালালাবাদ এলাকায় যুদ্ধবিমানের শব্দ ও বিস্ফোরণ শোনা গেছে। আফগান বাহিনী দাবি করেছে, তারা একটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং পাইলটকে বন্দি করেছে। তবে ইসলামাবাদ এই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। সীমান্ত এলাকায় গোলাগুলি অব্যাহত থাকায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক অবস্থান
সংঘাত থামাতে সৌদি আরব ও কাতার মধ্যস্থতার চেষ্টা করলেও কোনো যুদ্ধবিরতি হয়নি। চীন উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বলেছে, তালেবান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তবে তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উভয় পক্ষের ক্ষয়ক্ষতি
পাকিস্তান দাবি করেছে, আফগান সেনা ও জঙ্গি গোষ্ঠীসহ প্রায় ৩০০ জন নিহত হয়েছে। তারা ১২ জন সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। অন্যদিকে আফগান সরকার দাবি করেছে, যুদ্ধে ৮০ জনেরও বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তারা পাকিস্তানের ২৭টি সামরিক পোস্ট দখল করেছে। আফগান সরকার তাদের ১৩ জন সেনার মৃত্যুর কথা জানিয়েছে।
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এসব হামলা ড্রোনের মাধ্যমে চালানো হয়ে থাকতে পারে। পাকিস্তান ইতোমধ্যে তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে। অন্যদিকে আফগান সরকার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।