মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ রমজান, ১৪৪৭ হিজরি

ইকরার আত্মহত্যায় জাহের আলভী ও তিথির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শেখ তানভীর আহমেদ রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। পাশাপাশি আসামি করা হয়েছে তাঁর কথিত পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিথিকে। এছাড়াও মামলায় আলভীর মা ও তাঁর এক সহকর্মীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, মামলায় শুধু আলভী নন, তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ১ মার্চ সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেদিন রাতেই ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

২০১০ সালের ৯ নভেম্বর আলভী ও ইকরা ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাঁদের সংসারে একটি সন্তানও রয়েছে।

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, আলভী তাঁর সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। ইকরার ঘনিষ্ঠ বান্ধবীর দাবি অনুযায়ী, এই সম্পর্কের কারণেই ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত সেই পরিস্থিতি সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।