বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকা পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে দেশে ফেরার অনিশ্চয়তায় পড়েন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিরাপদে দেশে ফেরার সহায়তা চান সোনাল। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় বহু যাত্রী আটকে পড়েছেন, তাঁদের মধ্যেই রয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি দেশে ফিরতে পেরেছেন কি না, তা এখনো জানা যায়নি।
বাংলাদেশি দর্শকদের কাছে সোনাল চৌহান পরিচিত হন অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমার মাধ্যমে। সেখানে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। ছবিটি মুক্তির পর বাংলাদেশে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
একই পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। সামাজিক মাধ্যমে তিনি বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তুরস্কের ইস্তাম্বুলে সাময়িকভাবে আটকা পড়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে তিনি নিরাপদে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।