আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই আদেশ ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচির কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য হবে। যা আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।
রোববার (১ মার্চ) করাচিতে কনস্যুলেটে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা কর্মীদের গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। কুয়েতের একটি বেসামরিক বন্দরে অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র : আল জাজিরা