বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ রমজান, ১৪৪৭ হিজরি

সাড়া পাচ্ছেন না এনা সাহা, অপেক্ষায় নতুন সুযোগ

বিনোদন ডেস্ক : ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। এক সময় যার উপস্থিতিতেই মুখর থাকত টলিউডের রেড কার্পেট, সেই তিনিই এখন নীরবতার আড়ালে। দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর আবারও অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তার কামব্যাকের পথ যেন কাঁটায় ভরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এনা জানিয়েছেন, নতুন কাজের আশায় অনেক নির্মাতা ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ করলেও আশানুরূপ সাড়া পাচ্ছেন না। একসময় যাকে ঘিরে ব্যস্ত থাকত প্রযোজনা সংস্থা, আজ তাকেই অপেক্ষা করতে হচ্ছে ফোনকলের জন্য। টালিউডের অন্দরমহলে তাই প্রশ্ন উঠেছে— বদলে গেছে কি সমীকরণ, নাকি এনার জন্য অপেক্ষা করছে বড় কোনো চমক?

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এনা বর্তমানে ভালো চিত্রনাট্য ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া চিনে বাদাম ছবির পর তার প্রযোজিত বা অভিনীত কোনো কাজ দর্শক মহলে সেভাবে আসেনি।

দীর্ঘ এই সময় অন্তরালে থাকার কারণ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল। এনা জানিয়েছেন, তিনি নিজেকে সবসময় একজন অভিনেত্রী হিসেবেই দেখেন। প্রযোজক হওয়ার পরও তার মূল লক্ষ্য ছিল অভিনয়। তবে নতুন কোনো কাজের প্রস্তাব না আসায় তিনি বিস্মিত হয়েছেন।

এনা বলেন, “আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই, কাজ করতে চাই। কিন্তু এখনো কেউ সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেন জানি না সেটা। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই।”

কাজের সুযোগ কম পাওয়ার পেছনে কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গ্রুপিং কাজ করছে কি না— এমন প্রশ্নে তিনি জানান, কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গ্রুপের অংশ ছিলেন না।

নিজের কাজ একহাতে সামলাতে অভ্যস্ত এনা প্রয়োজনে ছোট পর্দায় বা ধারাবাহিকে অভিনয় করতেও আগ্রহী। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পুনরায় ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি।