মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

ইরানে ২ হাজারের বেশি টার্গেটে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে, যা গত পাঁচদিন ধরে চলছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে, ইরান পাল্টা হামলা হিসেবে এখন পর্যন্ত পাঁচশর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং দুই হাজারের বেশি ড্রোন ছুড়েছে। তবে তাদের দাবি, এসব হামলার কারণে ইরানের পাল্টা হামলার সক্ষমতা ক্রমেই কমে যাচ্ছে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের মিসাইল লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে ইরানের পাল্টা হামলার ক্ষমতা হ্রাস পেয়েছে।

সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “আমরা দেখছি আমাদের ও আমাদের মিত্রদের ওপর ইরানের হামলার সক্ষমতা কমছে। অন্যদিকে আমাদের সামরিক শক্তি বাড়ছে। আর আমাদের সার্বিক বিশ্লেষণ হলো আমরা আমাদের পরিকল্পনার চেয়ে এগিয়ে আছি।”

ইরানে দুই হাজারের বেশি টার্গেটে হামলা

সেন্টকমের কমান্ডার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গত শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের দুই হাজারের বেশি টার্গেটে হামলা চালিয়েছে। এ সময়ের মধ্যে তারা ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যার মধ্যে সাবমেরিনও রয়েছে।

ইরানের বিরুদ্ধে হামলায় ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি রণতরী ও বোমারু অংশ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এটি গত কয়েক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের এই সেনা কমান্ডার আরও বলেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় প্রথমদিকে যে হামলা চালানো হয়েছিল, ইরানে সেই একই সময়ের তুলনায় দ্বিগুণ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, “আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করে দিয়েছি। তাদের কয়েকশ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও লঞ্চার ধ্বংস করেছি।”

সূত্র : আল জাজিরা