বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ রমজান, ১৪৪৭ হিজরি

খামেনির দাফন হবে জন্মস্থান মাশহাদে ইমাম রেজা মাজারে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে পবিত্র নগরী মাশহাদে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

৮৬ বছর বয়সে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির জন্মস্থান। তার বাবার সমাধি ইমাম রেজার মাজারও সেখানে অবস্থিত।

ফার্স নিউজের খবরে বলা হয়েছে, খামেনির দাফন হবে ইমাম রেজা মাজার প্রাঙ্গণে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবারের হামলায় খামেনি ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানে জাতীয় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

খামেনির মৃত্যু ও দাফনের বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেনি। তবে মাশহাদে দাফনের সিদ্ধান্ত তার জন্মস্থান ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।