সুনেরাহ বিনতে কামাল
বিনোদন ডেস্ক : অল্প সময়েই অভিনয় দক্ষতা দিয়ে দর্শকপ্রিয়তায় উঠে আসেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী পর্দার চরিত্র নয়, বরং ভক্তদের সামনে উন্মোচন করলেন নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।”
নিজের ভেতরের অদ্ভুত অনুভূতির বর্ণনা দিয়ে সুনেরাহ বলেন, কোনো সুনির্দিষ্ট কারণ না থাকলেও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। তিনি প্রতিদিন নিজের ওপর কাজ করেছেন আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর আনন্দময় জীবন কাটানোর জন্য।
অভিনেত্রী জানান, তিনি নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে গড়ে তুলেছেন। জীবনের এমন কিছু সংগ্রামের পথচলা আছে যা নিয়ে তিনি সচরাচর জনসম্মুখে কথা বলেন না। তার ভাষায়, “সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।”
নিজের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।”