বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ উৎসবকে ঘিরে ছোট পর্দায় তৈরি হচ্ছে একের পর এক নতুন চমক। সেই তালিকায় যুক্ত হলো নতুন নাটক ‘গুডলাক’, যেখানে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর মজার সব বোকামিতে ভরপুর এই নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইমরোজ শাওন।
সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন রায়হান মাহমুদ। সম্প্রতি দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী দিলারা জামান।
গল্প নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা এখনই বিস্তারিত জানাতে নারাজ। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, এটি মূলত একজন ‘বোকা প্রেমিকের’ চনমনে প্রেমের গল্প। যেখানে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস এবং পারিবারিক আবহের এক সুন্দর মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
নাটক সংশ্লিষ্টদের দাবি, জোভানের চরিত্রে এমন এক বড় চমক রয়েছে যা দর্শকদের বিস্মিত করবে। তার চরিত্রের এই ভিন্নতাই নাটকটির মূল আকর্ষণ হয়ে উঠবে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তি পাবে। ‘গুডলাক’ সেই তালিকার অন্যতম। চাঁদরাত থেকে শুরু করে ঈদের পরবর্তী কয়েক দিন ধারাবাহিকভাবে নাটকগুলো সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।