শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

অশালীন প্লেব্যাক গান আর গাইবেন না শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক : ভারতের সুরেলা কণ্ঠের অধিকারিণী শ্রেয়া ঘোষাল আবারও আলোচনায়। সম্প্রতি প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আলোচনায় ছিলেন অরিজিৎ সিং। এবার সেই ধারাবাহিকতায় নিজের সংগীতজীবন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া।

বলিউডের জনপ্রিয় গান চিকনি চামেলির মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না— এমন দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন তিনি। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়া শ্রেয়ার এই ঘোষণায় সংগীত অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়, যা ছোটরা না বুঝে গাওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে অনেক ব্যবহারকারী তার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন। তাদের দাবি ছিল, শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন শ্রেয়া। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। শ্রেয়া বলেন, “চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।”

নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি আরও জানান, যখন ওই গানটি গেয়েছিলেন তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তিনি তখন পুরোপুরি বুঝতে পারেননি। সময়ের সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন আর এ ধরনের কাজে সায় দেবেন না।

শ্রেয়া আরও জানান, চিকনি চামেলির জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে তিনি সেসব প্রস্তাব সরাসরি নাকচ করেছেন।